এক্স ছাড়ছে বিজ্ঞাপনদাতারা

১৮ নভেম্বর, ২০২৩ ২১:২৭  

ইলন মাস্কের সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স থেকে বিজ্ঞাপন সরিয়ে নিচ্ছে একের পর এক বড় ব্র্যান্ড। অ্যান্টিসেমিটিজম বা ইহুদি বিদ্বেষ বিতর্কে এসব সিদ্ধান্ত নিচ্ছে কোম্পানিগুলো। ইলন মাস্কের মন্তব্যের পাশাপাশি নাৎসীপন্থী পোস্টের পাশে বিজ্ঞাপন দেখানোকে কেন্দ্র করে শুরু হয়েছে এ কর্পোরেট গণবয়কট। খবর রয়টার্স ও বিবিসি।

এক্স থেকে বিজ্ঞাপন সরিয়ে নেয়ার প্রথম ঘোষণা দেয় আইবিএম। এরপর আইবিএমকে অনুসরণ করে অ্যাপল, ডিজনি, কমকাস্ট, ওয়ার্নার ব্রাদার্স ডিসকভারি, ইউরোপীয় কমিশন, টিভি নেটওয়ার্ক প্যারামাউন্ট ও মুভি স্টুডিও লায়ন্সগেট।

এক্সের একজন মুখপাত্র বলেন, ইচ্ছাকৃতভাবে ‘এই ধরনের সামগ্রীর পাশে’ ব্র্যান্ডগুলোকে রাখে না এক্স। বরং প্ল্যাটফর্মটি ইহুদি বিদ্বেষের বিরুদ্ধে লড়াই করার জন্য নিবেদিত।

মাস্কের পোস্টের নিন্দা করেছে হোয়াইট হাউস। মুখপাত্র অ্যান্ড্রু বেটস বলেছেন, আমরা ইহুদিবিদ্বেষী ও বর্ণবাদের এই ঘৃণ্য প্রচারের তীব্র নিন্দা জানাই।

ডিবিটেক/বিএমটি